নারী চিকিৎসকের ম্যাসেঞ্জারে উত্ত্যক্ত, ২ যুবককে কারাদণ্ড

নারী চিকিৎসককে উত্ত্যক্ত করায় সিরাজগঞ্জে ২ যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জেলার শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত এক নারী চিকিৎসককে উত্ত্যক্ত করে মেহেদী ও সবুজ নামের ২ যুবক।

এ ঘটনায় ২ যুবককে গত শনিবার (১৪ আগস্ট) রাতে ১ বছরের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। ওই চিকিৎসকের মোবাইল ফোনের ম্যাসেঞ্জারে আপত্তিকর ছবি ও ভিডিও পাঠায় তারা।

দণ্ডপ্রাপ্তরা হলো- উপজেলার পোতাজিয়া ইউনিয়নের পোতাজিয়া গ্রামের মো. রজব আলীর ছেলে মো. মেহেদী হাসান (২০) ও মো. ইয়াকুব আলীর ছেলে মো. সবুজ হোসেন (২০)।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, গত শনিবার রাতে পোতাজিয়ায় অবস্থিত শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শামীমা আছাদ এ হাসপাতালের বহির্বিভাগে রোগী দেখে একটু বাইরে এসে দাঁড়ালে মো. মেহেদী হাসান ও মো. সবুজ হোসেন নামের দুই যুবক তাকে নানাভাবে উত্ত্যক্ত করে। এছাড়া মাঝে মাঝেই তারা তার মোবাইল ফোনের ম্যাসেঞ্জারে আপত্তিকর ছবি ও ভিডিও পাঠায়।

ডা. আমিনুল ইসলাম আরো জানান, বারবার তাদের নিষেধ করা সত্ত্বেও তারা কথা না শোনায় বিষয়টি শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়। তার নির্দেশে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই দুই যুবককে আটক করে। এরপর শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই দুই যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর