ক্যারিবিয়ান সাগর অঞ্চলের দ্বীপরাষ্ট্রের নাম হাইতি। সেখানে ভয়াবহ ভূমিকম্পে এ পর্যন্ত মৃত্যু বরণ করেছেন ৭২৪ জন। এ ভয়াবহ ভূমিকম্পে আহত হয়েছেন অন্তত ২ হাজার ৮০০ জন।
আর্ন্তজাতিকে একটি গণমাধ্যম সূত্রে জানা যায়, দেশটির স্থানীয় সময় ১৪ আগস্ট ৭ দশমিক ২ মাত্রায় এক ভয়াবহ ভূমিকম্প হয়।
দেশটির পশ্চিমাঞ্চল এলাকায় ভূমিকম্পে অনেক ভবনসহ ধর্মীয় উপাসনালয়, স্কুল এবং হোটেলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর কারণে খোলা আকাশের নিচে রাত কাটাতে ওই এলাকার লোকজন।
হাইতির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি দেশটিতে এক মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং এই ভূমিকম্পকে ‘ব্যাপক ক্ষতি’ বলে আখ্যায়িত করে। এছাড়া হাইতির প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে ত্রাণ কার্যক্রমের জন্য একটি কমিটি গঠন করেছেন এবং দেশবাসীকে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
এর আগে হাইতির সিভিল প্রটেকশন সার্ভিস জানায়, ভূমিকম্পে ৩০৪ জনের মৃত্যু হয়েছে। তবে সময়ের ব্যবধানে মৃতের সংখ্যা দ্রুতই বাড়ছে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভূমিকম্পের পরপরই হাইতির প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন । তাৎক্ষণিকভাবে তিনি যুক্তরাষ্ট্রের এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের পরিচালক সামান্থা পাওয়ারকে হাইতিকে প্রয়োজনীয় সহায়তা দিতে নির্দেশ দিয়েছেন।
দেশটির ইতিহাসে ২০১০ সালে ভয়াবহতম ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পে দুই লাখের বেশি মানুষের মৃত্যু হয়। দেশটির অবকাঠামো ও অর্থনীতিও বড় ধরনের ক্ষতির মুখে পড়ে।
বার্তা বাজার/এসবি