চুয়াডাঙ্গায় যুবককে কুপিয়ে হত্যা: গ্রেফতার ১

চুয়াডাঙ্গায় ফুলবাড়ি গ্রামে আপন হোসেন নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার (১৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার ফুলবাড়ি গ্রামে ওই ঘটনা ঘটে।

নিহত আপন হোসেন (২০) ফুলবাড়ি গ্রামের মোতালেব হোসেনের ছেলে। ওই ঘটনায় আহত হয়েছেন তার বাবা মোতালেব হোসেন (৪৫)। এ ঘটনায় ঘাতক কালামকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, সদর উপজেলার ফুলবাড়ি গ্রামের মোতালেব হোসেন ও তার ছেলে আপন হোসেনের সাথে প্রতিবেশী আবুল কালামের বিরোধ চলে আসছিল। রোববার সন্ধ্যায় আবুল কালামের বাড়ির পাশ দিয়ে পানির নালা কাটার ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষ বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে।

পরে আবুল কালাম ও পরিবারের সদস্যরা আপনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তাকে বাঁচাতে এলে তার বাবাকেও কুপিয়ে জখম করে তারা। তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আপনকে মৃত ঘোষনা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহবুবুর রহমান জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে ভর্তির পর মারা যায় আপন। আহত মোতালেবের অবস্থা শঙ্কামুক্ত নয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, ঘটনার পর অভিযান চালিয়ে আবুল কালামকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি হাসুয়া উদ্ধার করা হয়েছে।

অন্তর কুমার ঘোষ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর