ফেনীতে স্বর্ণ ব্যবসায়ী গোপাল চন্দ্র দাসের গাড়ি গতিরোধ করে প্রায় আড়াই কেজি ওজনের ২০টি সোনার বার ডাকাতির মামলায় ডিবি ওসি সাইফুল ইসলামের আবারও ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১৫ আগস্ট) বিকেলে আসামী সাইফুলের ৪ দিনের রিমান্ডের মেয়াদ শেষ হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা মনির হোসেন তাকে আদালতে হাজির করে পুনরায় ৭ দিনের রিমান্ড আবেদন করেন।
তবে আদালতের বিচারক ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের বিচারক ছিলেন ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট কামরুল হাসান।
এদিকে, ভুট্টু নামের চট্রগ্রামের এক পুলিশের সোর্সকে এ মামলার সঙ্গে সম্পৃক্ত থাকায় গ্রেফতার করা হয়েছে ৷ তাকে জিজ্ঞাসাবাদ শেষে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট কামরুল হাসানের আদালতে তোলা হয়েছে৷
এর আগে শনিবার (১৪ আগস্ট) মামলাটি পিবিআইর কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী।
অপরদিকে, রিমান্ডে থাকা মামলার ৫ আসামীকে ফেনী মডেল থানা থেকে পিবিআই গ্রহণ করে তাদের কার্যালয়ে নিয়ে গেছে। আর আসামী ডিবি ওসি সাইফুলকে নতুন করে রিমান্ড দেয়ার পর পিবিআইর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
প্রসঙ্গত, গত ৮ আগস্ট ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুর ফ্লাইওভারের নিচে স্বর্ণ ব্যবসায়ী গোপাল চন্দ্র দাসের গাড়ি গতিরোধ করে ডিবি পুলিশের ৬ সদস্য কর্তৃক প্রায় আড়াই কেজি ওজনের ২০টি সোনার বার লুটের ঘটনা ঘটে। পরে মঙ্গলবার তিনি ফেনী মডেল থানায় মামলা দায়ের করলে রাতেই গ্রেফতার করা হয় ডিবি পুলিশের ওসি সাইফুল ইসলামসহ ৩ এসআই ও ২ এএসআইকে।
বার্তা বাজার/এসবি