বিজিবির গুলিতে মাদক পাচারকারী গুলিবিদ্ধ, ১লাখ ২০ হাজার ইয়াবা জব্দ
কক্সবাজারের টেকনাফ সীমান্তে মাদক কারবারী ও বিজিবির মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় গুলিবিদ্ধ এক মাদক পাচারকারী নদীতে পড়ে ভাটার টানে তলিয়ে গেলেও তাদের ব্যবহৃত নৌকা থেকে ১লাখ ২০হাজার ইয়াবা ও ১টি দেশীয় তৈরী অস্ত্র উদ্ধার করা হয়।
রবিবার (১৫ আগস্ট) ভোররাত ৪টারদিকে টেকনাফ বিওপি সংলগ্ন রিজভীখাল এলাকায় এই ঘটনা ঘটে।
২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল ফয়সাল হাসান খান জানান, মিয়ানমার থেকে মাদকের চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জওয়ানরা নাফ নদীর কিনারায় অবস্থান নেয়।
এসময় মিয়ানমার হতে একটি হস্ত চালিত কাঠের নৌকা সীমান্ত অভিমূখে আসার পথে বিজিবির উপস্থিতি টের পেয়ে গুলি ছুঁড়ে। জবাবে জওয়ানরা পাল্টা গুলি ছুঁড়লে একজন গুলিবিদ্ধ হয়ে পানিতে পড়ে স্রোতে ভেসে যায় এবং অপর দুই জন নদীতে লাফিয়ে সাঁতার কেটে পালিয়ে যায়।
পরে নৌকাটি তল্লাশী চালিয়ে একটি দেশীয় বন্দুক ও ১লাখ ২০ হাজার ইয়াবা বড়িসহ নৌকাটি জব্দ করা হয়।
এই ঘটনায় সংশ্লিষ্ট ধারায় অজ্ঞাত আসামিদের নামে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।
বার্তা বাজার/টি