ডেঙ্গু আক্রান্ত ৬ হাজার ছাড়িয়ে গেলো

এ বছরের শুরু থেকে ১৫ আগস্ট পর্যন্ত দেশে ডেঙ্গু ও ডেঙ্গুর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ১০০ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে আরও ১৯৮ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের থেকে রোববার (১৫ আগস্ট) পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১৯৮ জন। এর মধ্যে ঢাকাতেই ১৮৯ জন এবং ঢাকার বাইরের সারাদেশে রয়েছেন ৯ জন।

বর্তমানে মোট ১ হাজার ৪৯ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯৬০ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে মোট ৮৯ জন রোগী ভর্তি রয়েছেন।

এ বছর ১ জানুয়ারি থেকে ১৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মোট ছয় হাজার ১০০ জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন পাঁচ হাজার ২৬ জন রোগী।

একইসাথে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ২৫ জনের মৃত্যুর তথ্য পাঠানো হয়েছে। আইইডিসিআর এখন পর্যন্ত কোনো মৃত্যুর পর্যালোচনা সমাপ্ত করেনি এবং কোনো মৃত্যু ডেঙ্গুজনিত কারণে কিনা তা নিশ্চিত করেনি।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর