আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী। এদিন চলচ্চিত্রের মানুষেরা জাতির পিতা হাতে গড়া এফডিসিতে শোক দিবস পালন করছেন।
শোকাবহ এ ১৫ আগস্টে এফডিসির মান্না ডিজিটাল কমপ্লেক্সের সামনে শুটিং করেছেন অভিনেতা মোশাররফ করিম। জানা যায়, মোশাররফ করিম একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং করছিলেন। বিজ্ঞাপনচিত্রটি পরিচালনা করছেন অনম বিশ্বাস। চলচ্চিত্র শিল্পী সমিতির নেতারা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। পরে অনম বিশ্বাস দুঃখ প্রকাশ করে শুটিং স্থগিত রাখেন।
এ ঘটনায় নিন্দা জানিয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সভাপতি মাসুম পারভেজ রুবেল সংবাদ মাধ্যমকে বলেন, ‘পুরো দেশ যখন জাতীয় শোক দিবস পালনে ব্যস্ত ঠিক তখন বঙ্গবন্ধুর গড়া এফডিসিতে শুটিংয়ে ব্যস্ত একজন শিল্পী। বিষয়টি জানতে পেরে আমার খারাপ লেগেছে। আমি মনে করি এটি খুব নিন্দনীয় একটি কাজ হয়েছে।
অপরদিকে চলচ্চিত্র শিল্পীর সহ-সভাপতি মনোয়ার হোসেন ডিপজল সংবাদ মাধ্যমকে বলেন, ‘বিষয়টি দুঃখজনক। ২০২১ সালে ডিজিটাল বাংলাদেশে এসেও এমন চিত্র দেখতে হলো। আমরাও তো অনেক চলচ্চিত্রের শুটিং করেছি। ১৫ আগস্ট কখনও শুটিং করেছি এমন মনে পড়ে না। আজকের দিনে শুটিং করা মোটেও ঠিক হয়নি।’
বার্তা বাজার/এসবি