শোক দিবসে ঠাকুরগাঁও এনপিপি’র দু’আ মাহফিল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ন্যাশনাল পিপলস্‌ পার্টি (এনপিপি) ঠাকুরগাঁও শাখার উদ্যোগে দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ আগস্ট) দুপুরে শহরের শান্তিনগর এলাকায় অবস্থিত নিজস্ব কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই দু’আ মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়।

ন্যাশনাল পিপলস্‌ পার্টি ঠাকুরগাঁও শাখার সাধারণ সম্পাদক ডাঃ মোঃ রাশেদ আলমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল পিপলস্‌ পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ঠাকুরগাঁও শাখার সভাপতি মোঃ শাফি আল আসাদ।

এছাড়া উক্ত দু’আ অনুষ্ঠানে সদর উপজেলা শাখার সভাপতি মোঃ রাজিউর ইসলাম রাজু, সদর উপজেলার সাধারণ সম্পাদক মোঃ কাউছার হাবিবসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে, জাতীয় শোক দিবসের সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন, জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর হোসেন, পৌরসভার প্রথম নারী মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, সংগঠনসহ সর্বস্তরের সাধারণ মানুষ। ঠাকুরগাঁও জেলা পরিষদ ডাকবাংলোয় স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।

এরপর ১৫ আগস্টে নিহতদের স্মরণে মোনাজাত করা হয়। পরে জেলা প্রশাসন আয়োজিত বঙ্গবন্ধুর জীবন আদর্শ তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোক দিবসের কবিতা পাঠ, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, হামদ-নাত প্রতিযোগিতা, দোয়া মাহফিল এবং বিশেষ প্রার্থনা হয় মসজিদ-মন্দির-গির্জায়।

এস. এম. মনিরুজ্জামান মিলন/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর