আফগানিস্তানের রাজধানী কাবুল দখলে নিতে চারপাশ থেকে শহরটিতে ঢুকতে শুরু করেছে সশস্ত্র গোষ্ঠী তালেবান।
রোববার (১৫ আগস্ট) আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে বলে বিবিসি ও আল-জাজিরার খবরে বলা হয়েছে।
তালেবানের এক নেতা জানিয়েছেন, যোদ্ধাদেরকে সহিংসতা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যারা কাবুল ছাড়তে চায়, তাদের নিরাপদে চলে যেতে দেওয়ার ব্যবস্থা করতে বলা হয়েছে।
তালেবানদের এক মুখপাত্র বলেন, নিরাপদ ও শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর চাই আমরা। সাধারণ মানুষ যেন সহিংসতার বলি না হয় এই বিষয়ে নজর রাখা হচ্ছে। আমরা চাই না কাবুলের মানুষের জীবন বিপন্ন হোক।
এদিকে তালেবান অপ্রতিরোধ্যভাবে অগ্রসর হওয়ায় কাবুলে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে সব কূটনীতিক, কর্মকর্তা, কর্মচারীসহ সকল মার্কিন নাগরিকদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র।
এর আগে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদ দখল করে তালেবানরা। জালালাবাদ দখলের মাত্র কয়েক ঘণ্টার মধ্যে কাবুলে ঢুকতে শুরু করেছে তারা।
আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহারের ঘোষণার পরপরই সেখানে আধিপত্য বিস্তার শুরু করে তালেবান। খুব অল্প সময়ের মধ্যে দেশের অধিকাংশ অঞ্চল দখলে নেয় তারা।
বার্তা বাজার/নব