রাঙ্গাবালীতে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিত করে, দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু করে রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগ।
সকাল ৯টায় উপজেলা প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগ সহ সহযোগী অঙ্গ সংগঠন।
এরপর উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুর জীবন ও কীর্তির উপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মু. সাইদুজ্জামান মামুন খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসময় বক্তব্যরা বলেন, বিশ্বের ইতিহাসে রাজনৈতিক হত্যাকাণ্ড বা সন্ত্রাসের মাধ্যমে সরকার উৎখাত নতুন কোন বিষয় নয়। কিন্তু একটি দেশের জন্মদাতা, যিনি জাতির জনক হিসেবে স্বীকৃত; তারই বিশ্বস্ত কিছু মানুষ গভীর ষড়যন্ত্রের মাধ্যমে সপরিবারে তাঁকে হত্যা করবে এমনটা কখনও হয়নি। স্বাধীন দেশের জন্মদাতাকে হত্যা করা মানে সে দেশটিকে হত্যা করা, সে দেশের ইতিহাসকে হত্যা করা; যা ৭৫ এর ঘাতকরা চেষ্টা করেছিল।
বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধু যেহেতু একটি আদর্শ অনুভূতির নাম। তাই ঘাতকরা তাদের সে লক্ষ পূরণ করতে সফল হয়নি। কেননা আদর্শকে কখনও হত্যা করা যায় না।
এছাড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর আয়োজনে উপজেলাজুড়ে ওয়ার্ড ও মহল্লাভিত্তিক মিলাদ ও দোয়া মাহফিল, বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, গণভোজ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সাইফুল/বার্তা বাজার/এসজে