আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর তাৎক্ষণিকভাবে কেন আওয়ামী লীগের নেতারা প্রতিরোধ গড়ে তুলতে পারলো না, তার দায় আমরা অস্বীকার করতে পারি না। এর কারণ খুঁজে দেখতে হবে।
রোববার (১৫ আগস্ট) সকালে রাজধানীর বনানী কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারী অনেকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আর যারা এখনও বিশ্বের বিভিন্ন দেশে পলাতক রয়েছে তাদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।
ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু হত্যার মঞ্চে যারা ছিলেন, তাদের বিচার করে শেখ হাসিনা জাতিকে কলঙ্কমুক্ত করেছেন। খুনিদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। যারা পলাতক, তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর হত্যার নেপথ্যের কুশীলব যারা, তাদের তদন্তের আওতায় আনতে হবে। কোনো কিছুতেই নতুন প্রজন্মকে অন্ধকারে রাখা যাবে না। সেজন্য তাদের স্বরূপ উন্মোচন করা উচিত।
বার্তা বাজার/নব