শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জবির শ্রদ্ধাঞ্জলি

‘জাতীয় শোক দিবস-২০২১ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী’ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।

রোববার (১৫ আগস্ট) সকাল ১০ ঘটিকায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপিত মুজিব মঞ্চে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক।

এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, রেজিস্ট্রার, প্রক্টর, সহকারী প্রক্টর ও অন্যান্য শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী, সাংবাদিকবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, ছাত্রীহল, নীলদল, বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগসহ ক্যাম্পাস সংশ্লিষ্ট বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে একে একে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময় ১৫ আগস্ট-এ নিহতদের স্মরণে দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

গত বছরের ন্যায় এ বছরও মহামারী করোনা ভাইরাস (কেভিড-১৯) পরিস্থিতির কারণে সরকারি স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সীমিত পরিসরে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শোক দিবস উপলক্ষে বাদ যোহর বিশ্ববিদ্যালয় মসজিদে দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। দোয়া মাহফিলে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাঙালি জাতির পিতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি এবং স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবার ও অন্যান্য নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হবে। সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হয়।

উল্লেখ্য, ১৯৭৫ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী ও পরাজিত দেশি-বিদেশি শক্তি এবং ঘাতকচক্র সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। এই দিনটি বাঙালির জাতীয় শোক দিবস। আজ রোববার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবসে জাতি শোকাতুর হৃদয়ে শ্রদ্ধাভরে জাতীর জনককে স্মরণ করবেন।

মোঃসুমন/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর