কক্সবাজারের চকরিয়ায় ভেন্ডিবাজার এলাকায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মাইক্রোবাস উল্টে খাদে পড়ে শিশুসহ ৭ জন নিহত হয়েছেন।
রোববার (১৫ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন।
তিনি বলেন, এদের একজন ঘটনাস্থলে মারা যান। আর বাকি ৬ জন হাসপাতালে নেওয়ার পর মারা যান। মৃতের সংখ্যা বাড়তে পারে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাইক্রোবাসটি কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া ভেন্ডিবাজার এলাকায় সড়কের পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লাগে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশে খাদে পড়ে ডুবে যায়।
গাড়িটি দ্রুত খাদ থেকে টেনে তোলার চেষ্টা করেন প্রত্যক্ষদর্শীরা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ। কিন্তু গাড়ির দরজা-জানালা ভেতর থেকে বন্ধ থাকায় তাদের বের করে আনতে অনেক বেগ পেতে হয় তাদের। তাদেরকে বের করে আনার পর একজনকে মৃত পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পর আরও ৬ জনের মৃত্যু হয়।
বার্তা বাজার/নব