‘বঙ্গবন্ধুর পলাতক দুই খুনির তথ্য আছে, বাকিদের সন্ধান দিলে পুরস্কার’
বঙ্গবন্ধুর পাঁচ পলাতক খুনির মধ্যে রাশেদ চৌধুরী ও নূর চৌধুরী বাদে বাকি তিনজনের অবস্থান জানাতে পারলে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
রোববার (১৫ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর পলাতক দুই খুনির বিষয়ে তথ্য আছে আমাদের কাছে। খুনি রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে আর নূর চৌধুরী কানাডায় অবস্থান রয়েছেন। তবে বাকি তিন খুনির অবস্থান স্পষ্ট নয়। তারা কোথায় আছেন, কেউ জানাতে পারলে পুরস্কার দেব।
তিনি বলেন, কানাডার বিশেষ আইন রয়েছে, তারা কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফিরিয়ে দেয় না। তবে আমরা অনুরোধ করবো নূর চৌধুরীকে ফিরিয়ে দিতে। অন্যদিকে রাশেদ চৌধুরীর নথি পর্যালোচনা করা হচ্ছে। আমরা তাকে ফিরিয়ে আনার ব্যাপারে আশাবাদী।
ড. আব্দুল মোমেন বলেন, জিয়া, এরশাদ ও খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালীন খুনিদের মদদ দেওয়া হয়েছে। তাদেরকে প্রতিষ্ঠিত করা হয়েছে। আমরা এতদিন পর কেসটি হাতে নিয়েছি। আমি দেশবাসীকে বলব, আপনারা এতদিন খুনিদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেননি কেন? করলে হয়তো এসব সরকার তাদের এত মদদ দিত না।
প্রবাসীদের উদ্দেশে তিনি বলেন, খুনিরা যেখানে অবস্থান করছেন, তাদের বাড়ির সামনে গিয়ে আপনারা বিক্ষোভ করুন। সেসব দেশের সরকার জানুক যে সেখানে খুনি আছেন। তাহলে খুনিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাপ তৈরি হবে।
বার্তা বাজার/নব