শ্বশুরের কুলখানি থেকে লাশ হয়ে ফিরলেন জামাই

পটুয়াখালীর বাউফলে শ্বশুরের কুলখানি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন মেয়ে জামাই। নিহত মো. হুমায়ন কবির বিশ্বাস (৩৫) উপজেলার নওমালা ইউনিয়নের বাবুর হাট গ্রামের আলমগীর বিশ্বাসের ছেলে।

শনিবার (১৪ আগস্ট) রাতে শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে বাউফল-লোহালিয়া সড়কের ভাঙা ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি। নিহত হুমায়নের দুই শিশু সন্তান রয়েছে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত হুমায়নের ছোট বোন মোসা. আকলিমা বেগম জানান, গত ১১ আগস্ট হুমায়ন কবিরের শ্বশুর মো. সুলতান হাওলাদার (৭০) মারা যায়। শনিবার তাঁর কুলখানিতে দশমিনা উপজেলার জমিরমৃধা গ্রামে যান তিনি। কুলখানি শেষ করে ফেরার পথে বাউফল-লোহালিয়া সড়কের ভাঙা ব্রিজ এলাকায় তাঁকে বহনকারী মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে গুরুতর আহত হন হুমায়ন কবির।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পটুয়াখালী সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় হুমায়ন কবির মৃত্যু বরণ করেন।

নিহত হুমায়ন হাওলাদারের স্ত্রী ও দুই সন্তান রয়েছে। বড় ছেলে মো. তাওরাতের বয়স ৫ বছর ও ছোট মেয়ে মোসা. তাওরিনের বয়স ২বছর।

নিহতের স্ত্রী মোসা. রুনিয়া বেগম (২৬) বলেন,‘ আমার আর কিছু রইলো না। আমি নিঃস্ব হয়ে গেলাম। দুই মাসুম বাচ্চা নিয়ে আমি কিভাবে বাঁচবো।

এমন হৃদয় বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর