নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে যাওয়ার সময় বঙ্গোপসাগরে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ হয়েছেন ২৬ জন। শুক্রবার (১৩ আগস্ট) দিনগত রাত আড়াইটার দিকে ভাসানচর থেকে ১৬ কি.মি দূরে সাগরে এই ঘটনা ঘটে।
শনিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কোস্টগার্ড পূর্ব জোনের জনসংযোগ কর্মকর্তা আব্দুর রউফ।
তিনি বলেন, শুক্রবার রাতে ৩৮ থেকে ৪০ জন রোহিঙ্গা ভাসানচর থেকে নৌকা নিয়ে পালানোর চেষ্টা করে। চট্টগ্রামের দিকে ১৪ থেকে ১৬ কিলোমিটার আসার পর সাগরে নৌকাটি ডুবে যায়। এ সময় ১২ জন সাঁতরে ও কাছাকাছি থাকা মাছ ধরার নৌকার মাধ্যমে ভাসানচরে পৌছালেও বাকিরা নিখোঁজ রয়েছে।
তিনি আরও বলেন, ফিরে আসা রোহিঙ্গারা শনিবার ভোর পাঁচটার দিকে তীরে পৌঁছালে বিষয়টি জানাজানি হয়। তখন আমরা খবর পাই। এরপর থেকেই আমাদের দুটি জাহাজ নিখোঁজ রোহিঙ্গাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে।
আব্দুর রউফ বলেন, তারা ভাসানচর থেকে চট্টগ্রামেই পালিয়ে আসছিল কি না, সেটি এখনও স্পষ্ট না। তীরে পৌঁছানো ১২ জনের তথ্যমতে, ওই নৌকায় ৩৮ থেকে ৪০ জন ছিল। সে হিসেবে অন্তত ২৬ রোহিঙ্গা এখন পর্যন্ত নিখোঁজ।
বার্তা বাজার/এসজে