মোবাইল চুরির অভিযোগে প্রকাশ্য বাজারে শিশুর চুল কর্তন

বরিশালের আগৈলঝাড়ায় মোবাইল চুরির অভিযোগ এনে এক শিশুকে প্রকাশ্যে বাজারের মধ্যে মারধর করে মাথার চুল কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে সর্বত্র শুরু হয়েছে ব্যাপক সমালোচনার। উপজেলার গৈলা বাজারে ঘটা অমানবিক এই ঘটনাটি সন্ধ্যায় জানাজানি হয়।

নির্যাতনের শিকার ওই শিশু ও তার মা জানান, উপজলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের দরিদ্র ভ্যানচালক লাল মিয়া সরদারের ছেলে সজীব (১১)। তাকে গৈলা বাজারের অলি টেলিকম থেকে মোবাইল চুরির অভিযোগ এনে স্থানীয় শাহীন খানের ছেলে তাওহীদ খানের নেতৃত্বে এনামুলসহ বেশ কয়েকজন মিলে প্রকাশ্যে মারধর করে। এক পর্যায়ে হাফিজুল দাড়িয়ার দোকান থেকে কাঁচি এনে তার মাথার চুল কেটে দেয়।

সজীবের মা সানু বেগম জানান, দুপুরে তার ছেলে বাড়ি আসে। একটু পরে গৈলা অলি টেলকমের মালিক অলি বেপারী তাদের বাড়ি এসে সজীবকে বাজারে ডেকে নিয়ে যায়। তার পরে বিকেলে তার ছেলে কাঁদতে কাঁদতে বাড়ি এসে জানায় যে একটি মোবাইল ফোন চুরির অপবাদে তাকে মারধর করে মাথার চুল কেটে দিয়েছে।

অভিযুক্ত অলি টেলিকমের মালিক অলি বেপারী জানান, আমি দোকানে না থাকা অবস্থায় অন্য একজনের উপস্থিতিতে সজীব আমার দোকান থেকে বিকাশ ও নগদ এজেন্টের দুটি সিম ভরা একটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। দোকানেরর সিসি টিভি দেখে সজীবকে দেখে ফোন নেওয়া দেখে তার বাড়িতে গিয়ে তাকে জিজ্ঞেস করলে সে ফোন চুরির কথা স্বীকার করে। এক পর্যায়ে চুরি যাওয়া ফোনটি সজীব ফেরত দেয়। পরে শুনেছি যে বাজারে তার চুল কেটে দিয়েছে উৎসুক লোকজন।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, শিশুটির মা ও বাবাকে থানায় নিয়ে তাদের কাছ থেকে বিস্তারিত জেনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর