পাবনার ভাঙ্গুরা উপজেলা ছাত্রলীগের ক্রীড়া বিষয়ক উপ-সম্পাদক হাফিজুর রহমানকে (২৫) পিটিয়ে গুরুতর আহত করেছেন শুভ আহমেদ (২৩) নামে একই উপজেলার এক ছাত্রলীগ কর্মী। শনিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় ভাঙ্গুড়া পৌর এলাকার জগাতলা বাজারে এই ঘটনা ঘটে।
অভিযুক্ত শুভ একই উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সিএনজি মালিক সমিতির সভাপতি আব্দুল জব্বারের ছেলে। হামলার শিকার ছাত্রলীগ নেতা হাফিজুর উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের পারভাঙ্গুরা গ্রামের মোকছেক আলীর ছেলে।
জানা যায়, পূর্ব বিরোধের জেরে বেশ কিছুদিন ধরে হাফিজুর ও শুভর মধ্যে ঝামেলা চলে আসছিল। এর কিছুদিন আগে হাফিজুরের লোকজন পিটিয়েছিল শুভকে। এরপর থেকেই শুভ হুমকি দিয়ে আসছিল হাফিজুরকে।
শনিবার সন্ধ্যার দিকে জগাতলা বাজারে হাফিজুরকে একা পেয়ে শুভ ও তার ৪ সহযোগী মিলে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা হাফিজুরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে পারভাঙ্গুড়া ইউপি সদস্য হারুনুর রশীদ বলেন, হাফিজুর ও শুভর মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে একাধিকবার সমাধানের চেষ্টা করা হয়েছে। এ অবস্থায় আবারো মারধরের ঘটনা ঘটল। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে গেল।
হাফিজুরের বাবা মোকছেদ আলী বলেন, বিষয়টি উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের সিনিয়র নেতাদের জানানো হয়েছে। এছাড়া থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
বার্তা বাজার/এসজে