বুড়িগঙ্গা থেকে ২ মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা তালতলা এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে নূসরাত আক্তার মালা (১৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। গত বৃহস্পতিবার (১২ আগস্ট) রাতে পোস্তগোলা সেতু থেকে বুড়িগঙ্গা নদীতে লাফ দিয়ে নুসরাত নিখোঁজ ছিল।

মালার মা রুমা বেগম বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তাঁর মুঠোফোনে কল করে মালার স্বামী মজিবুর মালার খবর জানতে চান। তখন মজিবুরের কাছে উল্টো মালার খবর জানতে চাইলে ফোন কেটে দেন। এ সময় মালার এক বন্ধু রূমা বেগমকে মুঠোফোনে জানান, মালা পোস্তগোলা সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়েছে।

অন্যদিকে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া শিশু রবিউলের (৭) মরদেহ বাবুবাজার সেতুর পিলারের কাছ থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে সদরঘাট নৌ পুলিশ। শিশু রবিউল পরিবারের সাথে কেরানীগঞ্জের আগানগর এলাকায় রফিক মিয়ার বাড়িতে ভাড়া থাকত।

রবিউলের মা রুমা জানান, গতকাল দুপুরে স্থানীয় কয়েকজন ছেলের সাথে গোসল করতে গিয়ে রবিউল নিখোঁজ হয়।

শনিবার (১৪ আগস্ট) সকালে ভাসমান অবস্থায় লাশ দুটি উদ্ধার করা হয়।

কোস্টগার্ড পাগলা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট আশমাদুল ইসলাম জানান, শনিবার সকালে পাগলা তালতলা এলাকায় একটি লাশ ভেসে উঠলে কোস্টগার্ড সদস্যরা উদ্ধার করে সদরঘাট নৌ পুলিশের কাছে হস্তান্তর করেন। লাশটি নুসরাতের বলে শনাক্ত করেন পরিবারের সদস্যরা।

সদরঘাট নৌ পুলিশ ফাঁড়ির এসআই শহীদ ও হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়ে। দুটি লাশেরই সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর