ফেনীতে ব্যবসায়ীর সোনা আত্মসাত করা ৬ গোয়েন্দা (ডিবি) পুলিশের মধ্যে ৫ জনকে আবারও ৩ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শনিবার (১৪ আগস্ট) বিকালে আদালত তাদের এই রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বিকালে এই মামলার তদন্ত কর্মকর্তা ফেনী মডেল থানার পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোতাহার, মিজানুর রহমান, নুরুল হক, এএসআই অভিজিত বড়ুয়া ও মাসুদ রানাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন।
শুনানি শেষে জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম তাদেরকে ৩ দিনের রিমান্ডে পাঠান।
এদিকে মামলার অগ্রগতি সম্পর্কে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন বলেন, স্বর্ণের বার ডাকাতির সঙ্গে আরও বেশ কয়েকজনের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাদেরকে গ্রেফতারে পুলিশের বিভিন্ন দল কাজ করছে।
এর আগে গত ৮ আগস্ট বিকালে ঢাকা যাওও্যার সময় ফতেহপুর ফ্লাইওভারের সামনে ব্যবসায়ী গোপাল কান্তি দাসের সাথে থাকা ২০টি স্বর্ণের বার লুট করে ডিবি পুলিশের এই সদস্যরা। ১০ আগস্ট রাতে ভুক্তভোগী গোপাল কান্তি দাস বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
এরপর ডিবি পুলিশের ওসি সাইফুল ইসলামসহ ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করা হয় আত্মসাতকৃত ২০ বারের মধ্যে ১৫টি।
বার্তা বাজার/এসজে