শর্ত সাপেক্ষে খুব শীঘ্রই দেশের সব মেডিকেল কলেজ খুলে দেওয়া হচ্ছে। আগামী ২১ আগস্ট বা এর কাছাকাছি সময়ে এমবিবিএস, বিডিএস কোর্সেরত দ্বিতীয় ও পঞ্চম বর্ষের পাঠদান চালুর পক্ষে মত দিয়েছেন করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের এক চিঠির জবাবে করোনা সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটি এই মতামত দিয়েছে।
শনিবার (১৪ আগস্ট) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এ এইচ এম এনায়েত হোসেন বলেন, দিনক্ষণ এখনও ঠিক হয়নি, তবে দ্রুতই মেডিকেল কলেজ খুলে দেওয়া হবে। মেডিকেল কলেজে যারা প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উঠবে তাদের ক্লাসের সুযোগ দিতে হবে। এ ছাড়া যারা চতুর্থ বর্ষের বার্ষিক পরীক্ষা দেবে তাদেরও সুযোগ দিতে হবে। নতুবা দেশে চিকিৎসক সংকট দেখা দেবে। সে কারণেই কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির কাছে আবেদন জানানো হয়েছিল।
এর আগে শুক্রবার রাতে করোনা সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লাহ স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগ ২১ আগস্ট বা কাছের যেকোনো দিন থেকে এমবিবিএস/বিডিএস কোর্সের দ্বিতীয় বর্ষ ও পঞ্চম বর্ষ, শেষ বর্ষের ক্লাস চালুকরণের বিষয়ে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির মতামত চেয়ে পত্র পাঠিয়েছে। কমিটির সদস্যরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এরই মধ্যে এ সব ছাত্র/ছাত্রীদের দুই ডোজ টিকা দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলা সাপেক্ষে প্রাথমিকভাবে এ দুই বর্ষের ক্লাস শুরু করার পক্ষে কমিটি মত দেয়।’
মেডিকেল কলেজ খোলায় যেসব শর্ত আরোপ করেছে করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি-
ক) ক্লাস শুরুর আগে সব ছাত্র/ছাত্রীদের সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের উপর প্রশিক্ষণ করাতে হবে।
খ) শতভাগ সঠিকভাবে মাস্ক পরা ও শারীরিক দূরত্ব নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।
গ) হাসপাতালের ওয়ার্ডে ক্লাসে ছাত্র/ছাত্রীদের সঠিকভাবে সুরক্ষা সামগ্রী ব্যবহার নিশ্চিত করতে হবে।
ঘ) ছাত্র/ছাত্রীদের সংক্রমণের ওপর নজরদারি রাখতে হবে।
ঙ) সংক্রমিত ছাত্র/ছাত্রীদের চিকিৎসা/আইসোলেশন এবং তাদের সংস্পর্শে আসা ছাত্র/ছাত্রীদের ১৪দিন কোয়ারিন্টেনের ব্যবস্থা করতে হবে।
বার্তা বাজার/এসজে