ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৫

ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় ৫ জন নিহত হয়েছেন। শনিবার (১৪ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার বৈলর বড়পুকুর পাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় হতাহতদের পরিচয় তাৎক্ষনিকভাবে জানা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ময়মনসিংহের হালুঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ইমাম পরিবহনের একটি বাস নুরুর দোকান এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালুবোঝাই একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। বাসটিতে সবগুলো আসনে যাত্রী ছিল। এমনকি দাঁড়িয়েও যাত্রী পরিবহন করা হচ্ছিল বলে জানা গেছে।

স্থানীয়রা আরও জানান, অতিরিক্ত গতির কারণে রোড ডিভাইডারের পাশে দাঁড়ানো বালুবাহী ট্রাকের সাথে বাসটি ধাক্কা দেয়। চালক রাতের বেলায় ট্রাকটির অবস্থান নির্ধারণ করতে পারলেও গতি নিয়ন্ত্রণ করতে পারেনি।

ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান, দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে। তাদের পরিচয় জানা সম্ভব হয়নি। এদের মধ্যে ৩ জনের মরদেহ ত্রিশাল থানায়। বাকিদের মরদেহ ময়মনসিংহে। এ ঘটনায় ১৪ জন আহত হয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর