নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে যৌনপল্লীতে এক গৃহবধুকে বিক্রির দায়ে দুই জনকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। শনিবার (১৪ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
এ ঘটনায় দৌলতদিয়া যৌনপল্লীর বাসিন্দা (আবুলের বাড়ির ভাড়াটিয়া) সাত্তার শেখের মেয়ে রিতা বেগম (২৭) ও তার স্বামী কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার বিদ্যুৎপাড়া এলাকার সামছুল আলমের ছেলে সোহেল রানাকে (৩০) গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, নিজেকে নির্মম এই যৌন পেশা থেকে বের করে নিয়ে আসতে ভুক্তভোগী ওই নারী খদ্দেরের মোবাইল ফোন থেকে ‘৯৯৯’ ফোন দিয়ে সহায়তা চান। তার ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থল যৌনপল্লী থেকে তাকে উদ্ধার করে থানা পুলিশ।
জানা যায়, স্বামীর বাড়িতে থাকা অবস্থায় অজ্ঞাত নামা এক যুবকের সাথে পরিচয় হয়। ওই ব্যক্তি তাকে প্রায়ই নায়িকা বানানোর প্রলোভন দেখাতো। গৃহবধুকে যৌনপল্লীতে রিতা বেগম ও সোহেল রানার কাছে ৬০হাজার টাকায় বিক্রি করে দেয় যুবক। পরে তার মোবাইল ফোন জোর পূর্বক কেড়ে নিয়ে একাধিক পুরুষের সাথে টাকার বিনিময়ে দেহ ব্যবসা করাতে বাধ্য করেন।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, উদ্ধার হওয়া গৃহবধু বাদী হয়ে রিতা বেগম, সোহেল রানা ও অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে। আসামিদেরকে শনিবার (১৪ আগস্ট) আদালতের মাধ্যমে রাজবাড়ীর কারাগারে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, ওই গৃহবধু চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার আলীনগর (রহনপুর বড় বাজার) এলাকার দরিদ্র ভ্যান চালকের মেয়ে। প্রায় ৭ বছর পূর্বে হেমায়েতপুরের কানারচর এলাকায় তার বিয়ে হয়। স্বামীর বাড়িতে থাকা অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের সাথে পরিচয় হয়।
মেহেদী হাসান রাজু/ বার্তা বাজার/টি