ঢাকার কেরানীগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ পাঁচ জনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় র্যাব ১০ কেরানীগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর ওবায়েদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব সূত্রে জানা গেছে, শুক্রবার (১৩ আগস্ট) সকাল সাড়ে নয়টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া চৌরাস্তা এলাকা থেকে ৮ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেন।
এসময় তাদের কাছে থাকা তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো, মোঃ রাসেল মিজি (৩৮), মোঃ মইন উদ্দিন ওরফে মইনুল ইসলাম (২৪) ও মোঃ আবু হাসান মিজি ওরফে ইয়াসুফ (২৩)।
এছাড়া একই দিন দুপুর আড়াইটার দিকে কেরাণীগঞ্জ মডেল থানাধীন কোণাখোলা এলাকা থেকে ৮ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরও দুই জনকে আটক করেন। এসময় তাদের কাছে থাকা ২টি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৬৭০ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত অপর দুই ব্যক্তি হলো, মোঃ মজিবুর রহমান (৪৮) ও মোঃ আব্দুল কাদির (৩২)।
র্যাব-১০ কেরানীগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর ওবায়েদুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারি, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ কেরাণীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গাঁজা ও ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল এ ঘটনায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
রানা আহমেদ/বার্তা বাজার/টি