টিকা নিয়ে সরকার প্রতারণা করছে বলে ফখরুলের অভিযোগ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের হিসাবেই দেখা যাচ্ছে দুই ডোজ টিকা পেয়েছেন মাত্র ৫২ লাখ মানুষ। প্রথম ডোজ পেয়েছে ১ কোটি ৫৩ লাখ। অথচ জনসংখ্যা প্রায় ১৮ কোটি। টিকা নিয়ে এই প্রতারণা অপরাধের শামিল।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে শুক্রবার দলের স্থায়ী কমিটির বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো জানানো হয়।

মির্জা ফখরুল বলেন, টিকা সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণের কোনো বিজ্ঞান ও বাস্তবসম্মত ব্যবস্থাপনা সরকার তৈরি করতে পারেনি। উপরন্তু দুর্নীতির আশ্রয় নিয়ে উৎস্য থেকে টিকা প্রাপ্তির সম্ভাবনাকে বিনষ্ট করেছেন তারা। বিএনপি মনে করে টিকা নিয়ে বিএনপি কোনো রাজনীতি করছে না। অপরাজনীতি করছে আওয়ামী লীগ সরকার। মিথ্যা ও ভুল তথ্য দিয়ে একদিকে জনগণকে প্রতারণা করছে অন্যদিকে জনগণকে চরম দুর্ভোগ ও ভোগান্তির মধ্যে ফেলেছে।

তিনি বলেন, করোনাভাইরাসের টিকা নিয়ে বিএনপি নয়, আওয়ামী লীগই অপরাজনীতি করছে । অবিলম্বে টিকা সংগ্রহে কার্য্করী ব্যবস্থা গ্রহণ করতে হবে সমগ্র জনগোষ্ঠীকে টিকা প্রদানের জন্য প্রয়োজনে মেগাপ্রজেক্ট স্থগিত করে হলেও সম্ভাব্য সকল উৎস্য থেকে টিকা সংগ্রহ করতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক মান অক্ষুণ্ন রেখে দেশে টিকা উৎপাদনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

লকডাউন ফলপ্রসু হয়নি উল্লেখ করে তিনি বলেন, বিএনপি বরাবরই বলে এসেছে ‘দিন আনে দিন খায়’ মানু্ষের খাদ্য নিরাপত্তা, নিম্ন আয়ের মানুষের কাছে ক্যাশ ট্রান্সফার করা সবচেয়ে জরুীর ছিল। সরকার কর্ণপাত করেনি। সেই কারণে অপরিকল্পিত লকডাউন ফলপ্রসূ হয়নি।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর