আলফাডাঙ্গায় গাছের সাথে এ কেমন শত্রুতা!

ফরিদপুরের আলফাডাঙ্গায় রাতের আঁধারে একটি মেহগনি বাগান থেকে দুই শতাধিক গাছের চারা কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১৩ আগস্ট) গভীররাতে উপজেলার গোপালপুর ইউনিয়নের চান্দড়া গ্রামের রফিকুল ইসলামের বাগান থেকে এ চারাগুলো কেটে ফেলে দুর্বৃত্তরা।

জানা যায়, রফিকুল ইসলাম একজন শারীরিক প্রতিবন্ধী। কয়েকবছর আগে পৈত্রিক সম্পত্তির সাড়ে ১০ শতাংশ জমিতে কয়েকশো মেহগনি গাছের চারা রোপণ করেন তিনি। কিন্তু শুক্রবার রাতের আঁধারে তিল তিল করে গড়ে তোলা সেই বাগানে দুর্বৃত্তরা প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে নিমিষেই গাছগুলো কেটে ফেলে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বাগানের প্রায় সব গাছগুলোই ধারালো অস্ত্র দিয়ে কর্তন করা হয়েছে। এরমধ্যে অধিকাংশ গাছগুলো মাঝামাঝি অংশ থেকে সম্পূর্ণ কেটে ফেলেছে। এতে গাছগুলো মাটিতে নুয়ে পড়েছে। আর কিছু গাছ দাঁড়িয়ে থাকলেও সেগুলো বাঁচার সম্ভাবনা নেই।

এসময় বাগান মালিক রফিকুল ইসলাম জানান, ‘অনেক কষ্টে পরিচর্যা করে গাছগুলো বড় করেছি। কিন্তু রাতের আঁধারে কারা যেন আমার সব গাছগুলো কেটে ফেলেছে। আমার সাথে কারো কোন শত্রুতা নেই। তবে এই জমিটি কেনার জন্য কয়েকজন আমাকে চাপ দিয়েছিল। কিন্ত তাতে আমি রাজি হয়নি। একারণেও এমনটা ঘটতে পারে বলে আমার মনে হয়।’

ওই এলাকার প্রতিবেশী বীর মুক্তিযোদ্ধা গোলাম কবীর শেখ জানান, ‘সে একজন শারীরিক প্রতিবন্ধী মানুষ। আমার জানামতে তার সাথে কারো কোন শত্রুতা নেই। প্রশাসনের কাছে আমার অনুরোধ যারা এ কাজ করেছে তাদের উপযুক্ত শাস্তি দাবী করছি।

আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান বলেন, ‘এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

মিয়া রাকিবুল/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর