২৪ ঘণ্টায় আরও ২৫৭ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

দেশের ডেঙ্গু পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ২৫৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ২৫৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ২১৯ জন ও ঢাকার বাইরে রয়েছেন ৩৮ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ৪০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৫৪ জন ও অন্যান্য বিভাগে মোট রোগী ভর্তি হয়েছেন ৮৬ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ আগস্ট পর্যন্ত সারাদেশে ৫ হাজার ৯০২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪ হাজার ৮৩৮ জন।

চলতি মাসের ১৩ দিনে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ২৪৪ জনে। জুলাই মাসে ২ হাজার ২৮৬ জন, জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর