লকডাউনে স্কুল বন্ধ এ সুযোগে দেবহাটার বহেরা গ্রামের ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীর সাথে একই গ্রামের বাসিন্দা ৮ম শ্রেণির ছাত্রের বিয়ে দেওয়ায় কন্যার মাকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (১৪ আগস্ট) উপজেলার বহেরা গ্রামে এ ঘটনা ঘটে।। ছাত্র-ছাত্রী উভয় স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাছলিমা আক্তার শনিবার অভিযান চালিয়ে কন্যা মাকে ৫ হাজার টাকা জরিমান করে।
উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সূত্রে জানা যায়, কিছুদিন পূর্বে বহেরা গ্রামের হযতর আলী সাহা নামের এক ব্যক্তি উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগে তিনি উল্লেখ করেন যে, তার স্কুল পড়ুয়া ৮ শ্রেণির ছেলের সাথে একই এলাকার রবিউল ইসলামের স্ত্রী নিজের ৬ষ্ঠ শ্রেণির পড়ুয়া কন্যাকে কাউকে না জানিয়ে নোটারি পাবলিকের মাধ্যমে বয়স বাড়িয়ে বিয়ে দিয়েছে।
হযতর আলী নোটারি পাবলিকের নকল তুলে বিষয়টি নিশ্চিত হয়ে নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দায়ের করেন। তারই প্রেক্ষিতে শনিবার নির্বাহী অফিসার অভিযান পরিচালনা করে ঐ শিশু কন্যার মাকে ৫ হাজার টাকা জরিমান করেন। একই সাথে প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত উভয়কে আলাদা থাকার নির্দেশ দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির, স্থানীয় ইউপি সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার জানান, ছেলের বাবার অভিযোগের সুত্র ধরে কন্যার বাড়িতে বিষয়টির সত্যতা পাওয়া যায়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে কন্যার মাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে, দেবহাটার বহেরা মাধ্যমিক বিদ্যালয়ে নারী নির্যাতন, যৌতুক, নারীর প্রতি যৌন হয়রানি, মানবপাচার, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় বিদ্যালায়ের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) সুজিৎ বিশ্বাস, রওউনাকুল ইসলাম রিপন, বিকাশ সরকার, প্রেম কুমার, আমিরুল ইসলাম, ফতেমা খাতুন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান।
মীর খায়রুল আলম/বার্তা বাজার/এসবি