কিছু বাংলাদেশি তালেবানদের সঙ্গে যুদ্ধ করতে গেছে: ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

আফগানিস্তানের সশস্ত্র গোষ্ঠী তালেবানের আহ্বানে কিছু বাংলাদেশি সেখানে গেছেন বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

শনিবার (১৪ আগস্ট) বেলা সোয়া ১১টায় রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, তালেবানদের সঙ্গে যুদ্ধ করার জন্য দেশ থেকে অলরেডি কিছু মানুষ হিজরতে (ঘর ছেড়ে) বেরিয়েছে। আমরা ধারণা করছি, তাদের মধ্যে কিছু মানুষ ভারতে ধরা পড়েছে। আর কিছু মানুষ পায়ে হেঁটে বা অন্য উপায়ে আফগানিস্তানে যাওয়ার চেষ্টা করছে।

ডিএমপি কমিশনার বলেন, জঙ্গিদের নজরদারির জন্য সাইবার তৎপরতা বাড়ানো হয়েছে। এখন সারা পৃথিবী সাইবার ওয়ার্ল্ডে বন্দি। জঙ্গিরাও সাইবার মিডিয়া ব্যবহার করে তাদের রিক্রুটমেন্ট করার চেষ্টা করছে।

তিনি বলেন, সাইবার ওয়ার্ল্ডে বিভিন্ন সংস্থা তাদের মনিটর করার চেষ্টা করছে। যত গোয়েন্দা সংস্থা আছে সবাই তৎপর আছে। জঙ্গিরা থেমে নেই। আমরাও সর্বোচ্চ চেষ্টা করছি যাতে কোনো ধরনের ঘটনা না ঘটে।

ডিএমপি কমিশনার বলেন, গত পরশুদিন অনলাইনে বোমা তৈরির লিডিং পর্যায়ের জঙ্গি সংগঠনের একজনকে আমরা গ্রেফতার করেছি। সে বোমা বিশেষজ্ঞ ও অনলাইনে তিনি বোমা তৈরির প্রশিক্ষণ দিত।

তিনি বলেন, জঙ্গিদের প্রধান টার্গেট হলো আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করা। এ জন্য ১৫ আগস্টকে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে।

তিনি আরও বলেন, ১৫ আগস্ট অনুষ্ঠানস্থল না হলেও ২ কিলোমিটারের মধ্যেও যদি জঙ্গিরা কোনো ঘটনা ঘটাতে পারে, তাহলে তারা আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করতে পারবে। আমরা মনে করি না এ ধরনের কোনো ঘটনা ঘটবে।

বার্তা বাজার/নব

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *