যুবককে মেয়ে দিয়ে ফাঁসাতে গিয়ে গ্রেফতার ‘লেডি গনেশ’
রাজধানীর মিরপুরে সোহেল রবি দাস (২২) নামে এক যুবককে নারী দিয়ে ফাঁসাতে গিয়ে পুলিশের কাছে গ্রেফতার হয়েছে লেডি প্রতারক চক্রের প্রধান রিনা ওরফে গণেশ (৪২)।
শুক্রবার (১৩ আগস্ট) রাজধানীর পল্লবী থানায় তিনজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছেন ভুক্তভোগী সোহেল রবি দাস। মামলার আসামিরা হলেন- রিনা বেগম ওরফে গণেশ (৪২), ফারজানা (৩০), মোস্তফা (৪৫)।
বৃহস্পতিবার (১২ আগস্ট) রাতে মিরপুর ১১ নম্বর বাউনিয়াবাঁধ পুকুরপাড় বস্তিতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বাউনিয়াবাঁধ পুকুরপাড় বস্তির একটি ঘরে রিনা ওরফে গণেশের রয়েছে মদ ও জুয়ার আসর। পুরুষের মতো চালচলন, দেখতে বেঁটে, মোটা ও কালো হওয়ায় স্থানীয়রা তাকে গনেশ নামেই ডাকেন। নারী দিয়ে লোকজনকে ফাঁসিয়ে বস্তিতে আটকিয়ে টাকা আদায় করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
মামলার বিবরণীতে জানা গেছে, মঙ্গলবার (১০ আগস্ট) অপরিচিত একটি নম্বর থেকে রবি দাসের মোবাইলে মিস কল আসে। ওই নম্বরে কল দিলে ফারজানা পরিচয় দিয়ে এক তরুণী ফোন রিসিভি করেন। পরে ওই তরুণীর সঙ্গে কয়েক দফা মোবাইলে কথা হয় যুবকের। এক পর্যায়ে ওই তরুণী তার সঙ্গে বাউনিয়াবাঁধ পুকুরপাড় বস্তিতে দেখা করতে চান। বৃহস্পতিবার রাত ১১টায় ওই তরুণীর অনুরোধে দেখা করতে যান রবি দাস।
বস্তির মধ্যে একটি টিনশেড ঘরের সামনে গেলে একজন নারী, একজন পুরুষ ও ফারজানা পরিচয় দেওয়া ওই তরুণী টেনেহিঁচড়ে ঘরের মধ্যে নিয়ে যান তাকে। এরপর তার কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে তারা। তারা তাকে কাঠের পিঁড়ি দিয়ে এলোপাতাড়ি মারতে থাকেন।
পরে রবি তার বন্ধু নাজমুলকে ফোন দিয়ে টাকা নিয়ে সেখানে আসতে বলেন। টাকা আনতে দেরি হওয়ায় আবারও তাকে মারপিট করা হয়। এক পর্যায়ে রিনাসহ তিনজন তাকে ঝাপটে ধরে মাটিতে ফেলে দেয়। এরপর রিনা বটি দা নিয়ে তাকে জবাই করতে আসে। তখন রবি সবাইকে ধাক্কা দিয়ে জানালা দিয়ে লাফ দিয়ে একটি ডোবায় পড়েন। তার চিৎকার শুনে আশপাশের মানুষ এসে তাকে উদ্ধার করে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ বলেন, এরা একটি প্রতারক চক্র। মানুষকে ফাঁদে ফেলে টাকা পয়সা হাতিয়ে নেয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে। চক্রের প্রধান রিনা নামে একজনকে রাতেই গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।
বার্তা বাজার/নব