সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্কের ইতি টেনে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দিয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।
বন্ধুদের টানে ফরাসি ক্লাবটিতে যোগ দিয়েছেন মেসি। মেসিকে দলে আনতে ব্যাপক ভূমিকা পালন করেছেন নেইমার, ডি মারিয়া, পারেদেস। নতুন ক্লাবটিতে মানিয়ে নেওয়ার কাজ ভালোভাবেই করে যাচ্ছেন মেসি।
তবে ফ্রান্সে খেলা মেসির জন্য সহজ হবে না বলে জানিয়েছেন সাবেক সতীর্থ সেস্ক ফ্যাব্রেগাস। যিনি মেসির সঙ্গে ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত তিনটি মৌসুম বার্সায় খেলেছেন। এখন তারা একে অপরের প্রতিপক্ষ। ফ্রান্সের আরেক ক্লাব মোনাকোতে খেলছেন ফ্যাব্রেগাস।
মেসিকে ফরাসি লিগে স্বাগত জানিয়েছেন তিনি। একই সঙ্গে মেসিকে সতর্ক করেছেন তিনি। কেননা মোনাকোর সঙ্গে সমানে সমান লড়াই হয় পিএসজির। আর তাই মেসিকে সতর্ক করলেন তিনি।
সম্প্রতি ডেইলি মেইলে দেয়া সাক্ষাৎকারে ফ্যাব্রেগাস বলেছেন, অবশ্যই পিএসজি যখন লিগ জিততে ব্যর্থ হয়, তখন সবাই সেটাকে বিপর্যয় হিসেবে দেখে। কারণ তারা (পিএসজি) অনেক বেশি টাকা খরচ করেছে।
তিনি বলেন, সবাই লিগ ওয়ানকে এক দলের লিগ হিসেবে দেখে। কিন্তু গত পাঁচ বছরে মোনাকো এবং লিল সেই ধারণা ভেঙে দেখিয়েছে। মানুষ যত সহজ ভাবে আসলে বিষয়টা তত সহজ নয়। এখানে অনেক প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ দল আছে। যাদের দ্রুতগতিসম্পন্ন ও শক্তিশালী খেলোয়াড় আছে।
ফ্যাব্রেগাস বলেন, ফরাসি লিগে মেসি খেলবে এটা জেনে সব ছেলেরাই উত্তেজিত। মেসির বিপক্ষে খেলার জন্য তরুণরা মুখিয়ে আছে।
তিনি আরও বলেন, আমার দলে মোনাকোতে অনেক তরুণ মেধাসম্পন্ন খেলোয়াড় আছে। মেসির আগমন তাদের জন্য ভালো পরীক্ষা হতে যাচ্ছে। যখন তারা সেরা খেলোয়াড়ের মুখোমুখি হবে, তখন তারা নিজেদের সেরাটা দিতে চাইবে। শুধু মেসিকে নিয় আমাদের ভাবলে চলবে না, নিজেদের কাজ করে যেতে হবে।
বার্তা বাজার/নব