পথশিশুদের ফুটবল টুর্নামেন্টে ৯-০ গোলে চ্যাম্পিয়ন পথের ইশকুল

চ্যাম্পিয়ন পথের ইশকুল। ছবি- বার্তা বাজার

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে একমাত্রা সোসাইটিকে ০-৯ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পথের ইশকুল।

শুক্রবার (১৩ আগষ্ট) বিকালে রাজধানীর শেখ রাসেল আউটার মাঠ (সাবেক পল্টন ময়দান) পথের ইশকুল ও একমাত্রা সোসাইটির যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়।

আয়োজকরা মনে করেন, এ আয়োজন সুবিধাবঞ্চিত পথশিশুদের শিক্ষাদানের পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক ভূমিকা রাখবে। পিছিয়ে পড়া এ পথশিশুদের মাদকের বিষাক্ত থাবা থেকে মুক্ত রাখতে সহায়তা করবে।

খেলা শেষে বাংলাদেশ জাতীয় বেসবল টিমের কোচ ও একমাত্রা ইন্ট্রাপ্রেনার্সের ম্যানেজিং ডিরেক্টর হিরোকি ওয়াতানাবে (জাপান) পথশিশুদের জন্য উপদেশমূলক বক্তব্যে বলেন, ‘এ আয়োজনের মূল লক্ষ্য হলো তোমরা (পথশিশুরা) মাদক থেকে দূরে থাকবে। আমরা প্রতিনিয়তই চেষ্টা করবো এরকম আয়োজন করার। সুস্থ স্বাভাবিক মানুষ হয়ে উঠতে হলে শরীর গঠন করা সবচেয়ে জরুরী।’

এছাড়া পথের ইশকুলের পরিচালক সাকির ইব্রাহীম মাটি বলেন, ‘আজকে এই খেলায় কে জিতলো কে হারলো তা বড় বিষয় নয়। এখান থেকে একজনও যদি মাদককে চ্যালেঞ্জ করে মন দিয়ে খেলাধুলা ও পড়াশোনার চিন্তা করো সেটাই আমাদের সবচেয়ে বড় জয়।’

উপস্থিত সবাইকে উদ্যেশ্য করে মাটি বলেন, ‘এই খেলার প্রস্তুতির জন্য আমাদের এই বাচ্চারা মাদক থেকে দূরে থেকে প্র‍্যাক্টিসে মনোযোগ দিয়েছে। এ জায়গা বিবেচনা করলেই মনে হয় আমাদের প্রাপ্তির খাতাটা পরিপূর্ণতা পেয়ে যায়। এই পথশিশুরা যদি এক সপ্তাহ মাদক গ্রহণ না করে থাকতে পারে; আমার মনে হয়- পথশিশুদের স্থায়ীভাবে মাদকমুক্ত রাখার জন্য নিয়মিত খেলাধুলার আয়োজনের অন্য কোনো বিকল্প নেই।

পথের ইশকুলের সহদ-পরিচালক উম্মে সালমা আক্তার ঊর্মি বলেন, ‘এই পথশিশুদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনার ক্ষেত্রে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার কোনও বিকল্প নেই। একটা সুন্দর স্বাভাবিক সুস্থ জীবন পাওয়ার অধিকার তাদেরও আছে।’

বাংলাদেশ ইয়ুথ এন্টারপ্রাইজ এডভাইজ এন্ড হেল্প সেন্টার এর এডমিন এন্ড এইচ আর অফিসার মাজেদুর রহমানের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী এবং রানার্স আপ দলের মধ্যে ট্রফি তুলে দেন সেঘোইকি মচিদা ( ম্যানেজিং ডিরেক্টর, 44TT N A O Ltd, Japan) এবং সংগঠন দু’টির সদস্যরা।

এছাড়া এ আয়োজনে উপস্থিত ছিলেন পথের ইশকুল ও একমাত্রা সোসাইটির স্বেচ্ছাসেবক ও শুভানুধ্যায়ীরা।

বার্তা বাজার/এসজে

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *