ঠাকুরগাঁওয়ে গৃহবধু ও সাবেক স্কুল শিক্ষিকা মিলি চক্রবর্তী শান্তনা (৪২) হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে ২ জনকে আটক করেছে সিআইডি।
বৃহস্পতিবার (১২ আগস্ট) রাত ৯ টার দিকে হত্যাকান্ডের শিকার মিলির ছেলে অর্ক রায় রাহুল (২৮) ও আমিনুল ইসলাম সোহাগ (৪০) কে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন সিআইডির তদন্তকারী কর্মকর্তা আব্দুর রাজ্জাক।
শহরের কালিবাড়ি মোড় থেকে সোহাককে আটকের পরপরই মোহাম্মদ আলী সড়কের নিজ বাড়ি থেকে আটক হন রাহুল। মামলার তদন্তের স্বার্থে তাদের জিঞ্জাসাবাদের জন্যে আটক করে নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ৮ জুলাই (বৃহস্পতিবার) সকালে শহরের শহীদ মোহাম্মদ আলী সড়কের পাশের লোটো শো-রুমের পেছনে মিলির নিজ বাড়ির গলি থেকে মিলি চক্রবর্তীর অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিয়ে শহর জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়।
এর দুইদিন পর ১০ জুলাই পুলিশ বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। এরপর মামলার ২৬ দিন পর ৫ আগস্ট মামলাটি নিজেদের কাছে হস্তান্তর করে নেয় সিআইডি।
এস. এম. মনিরুজ্জামান মিলন/বার্তা বাজার/এসবি