‘প্যানিক অ্যাটাক’র রোগী পরীমনি, চিকিৎসার জন্য জামিনের আবেদন

পরীমনি। ছবি- সংগৃহীত

মাদক মামলায় দুই দফায় রিমান্ড শেষে আজ আদালতে হাজির করা হয় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনিকে। পরীমনির জামিনের আবেদন করেছেন তার আইনজীবী মজিবুর রহমান।

শুক্রবার (১৩ আগস্ট) বেলা ১১টা ৪০ মিনিটে পরীমনিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। ধীমান চন্দ্র মণ্ডলের আদালতে এই জামিনের আবেদন শুনানি অনুষ্ঠিত হবে।

পরীমনির আইনজীবী মজিবুর রহমান জামিনের আবেদনে বলেছেন, পরীমনি ‘ভারটিগো’ এবং ‘প্যানিক অ্যাটাক’-এর রোগী। তিনি দীর্ঘ সময় পুলিশ কাস্টডিতে থেকে অমানবিক নির্যাতনের শিকার হয়ে বিপর্যস্ত হয়ে ও অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসার স্বার্থে আসামিকে জামিন দেয়া হোক।

আবেদনে আইনজীবী আরও বলেন, পরীমনি অভিযান পরিচালনার সময় দ্য আর্মড পুলিশ ব্যাটালিয়ন অর্ডিন্যান্স ১৯৭৯ এর ৬ এবং ৬এ ধারায় লঙ্ঘন করে অভিযান পরিচালনা করা হয়। এর ফলে তার বিরুদ্ধে একটি ভিত্তিহীন মামলা দায়ের করা হয়। তাই তিনি জামিন পেতে পারেন।

এদিকে পরীমনিকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গোলাম মোস্তফা।

আদালতে করা আবেদনে মামলার তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, মামলার তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত আসামি শামসুন্নাহার স্মৃতি ওরফে স্মৃতিমনি ওরফে পরীমনিকে কারাগারে আটক রাখা প্রয়োজন। আসামিকে জামিন দেওয়া হলে মামলার তদন্তে বিঘ্ন সৃষ্টি হতে পারে। এমনকি আসামি পলাতক হওয়ার সম্ভাবনাও রয়েছে।

আবেদনে বলা হয়, রিমান্ডে জিজ্ঞাসাবাদে মামলার বিষয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আসামি। মামলার তদন্তের স্বার্থে তা যাচাই-বাছাই করা হচ্ছে।

সেখানে আরও বলা হয়, মামলার অভিযোগের সাথে আসামির জড়িত থাকার ব্যাপারে সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। তদন্ত অব্যাহত রয়েছে। মামলার তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত আসামিকে কারাগারে আটকে রাখা একান্ত প্রয়োজন।

বার্তা বাজার/নব

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *