‘পরীমনিকে জামিন দিলে পলাতক হওয়ার সম্ভাবনা রয়েছে’

পরীমনি।

মাদক মামলায় দ্বিতীয় দফায় রিমান্ডে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাই তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গোলাম মোস্তফা।

শুক্রবার (১৩ আগস্ট) বেলা ১১টা ৪০ মিনিটে পরীমনি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।

আদালতে করা আবেদনে মামলার তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, মামলার তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত আসামি শামসুন্নাহার স্মৃতি ওরফে স্মৃতিমনি ওরফে পরীমনিকে কারাগারে আটক রাখা প্রয়োজন। আসামিকে জামিন দেওয়া হলে মামলার তদন্তে বিঘ্ন সৃষ্টি হতে পারে। এমনকি আসামি পলাতক হওয়ার সম্ভাবনাও রয়েছে।

আবেদনে বলা হয়, রিমান্ডে জিজ্ঞাসাবাদে মামলার বিষয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আসামি। মামলার তদন্তের স্বার্থে তা যাচাই-বাছাই করা হচ্ছে।

সেখানে আরও বলা হয়, মামলার অভিযোগের সাথে আসামির জড়িত থাকার ব্যাপারে সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। তদন্ত অব্যাহত রয়েছে। মামলার তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত আসামিকে কারাগারে আটকে রাখা একান্ত প্রয়োজন।

এদিকে পরীমনির আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। তবে পরীমনির জামিনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষ।

উল্লেখ্য, গত ৪ আগস্ট (বুধবার) পরীমনির বনানীর বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ পরীমনিকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পরে বনানী থানায় র‍্যাব বাদী হয়ে একটি মামলা করেন।

এ মামলায় বৃহস্পতিবার (৫ আগস্ট) পরীমনি ও প্রযোজক নজরুল ইসলাম রাজকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে পরীমনি ও রাজের চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এরপর মঙ্গলবার (১০ আগস্ট) তার আরও দুইদিনের রিমান্ডের আদেশ দেন আদালত।

বার্তা বাজার/নব

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *