শোক দিবসের ব্যানার ছেঁড়ার অভিযোগে উপজেলা চেয়ারম্যানের নামে মামলা

পটুয়াখালীর বাউফলে শোক দিবসের ব্যানার ছেঁড়া ও মারধরের অভিযোগে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবদুল মোতালেব হাওলাদারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বৃস্পতিবার (১২ আগস্ট) পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ২য় আমলী ম্যাজিস্ট্রেট আদালতে উপজেলার বগা ইউনিয়ন যুবলীগ সভাপতি মো.মালেক মীর (৫০) বাদী হয়ে ওই মামলা দায়ের করেন।

মামলায় উপজেলা চেয়ারম্যান পূত্র ও বগা ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান (৩৬), আশরাফ আহম্মেদ (২৮), জসিম উদ্দিন(৩৫), মো. সিজার(৩০) ও আলাল সিকদার (৩৫) সহ ৫/৬জনকে অজ্ঞতা নামা আসামী করা হয়।

পটুয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. জামাল হোসেন বাউফল থানার ওসিকে তদন্তের জন্য নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, বগা ইউনিয়ন যুবলীগ সভাপতি মো.মালেক মীরসহ কয়েকজন নেতাকর্মী গত ৯ আগস্ট বেলা ১২টার দিকে উপজেলার বগা বন্দরের সোনালী ব্যাংকের সামনে ও বগা লঞ্চঘাট এলাকায় বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে শোক ব্যানার লাগালে উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদারের নেতৃত্বে ও হুকুমে বগা ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসানসহ আসামীরা ওই ব্যানার ছিঁড়ে ফেলে। মালেক মীর ও শ্রমিক লীগ কর্মী মো. নাদিমকে মারধর করা হয়।

মামলার বাদী মো.মালেক মীর বলেন,‘ মোতালেব হাওলাদার ও তাঁর ছেলে হাসান বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের রক্ত মাখা ব্যানার ছিঁড়ে ফেলেছেন। আমিসহ কয়েকজনকে মারধর করেছেন। তিনি বঙ্গবন্ধুকে অবমাননা করেছেন।

এ বিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার বলেন, আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এটা একটি ষড়যন্ত্র। এমন ঘটনা বগাতে ঘটেনি। এমন অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর