আবারও পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা

পদ্মা সেতুর পিলারে আবারও ধাক্কা দিয়েছে একটি ফেরি। এ নিয়ে চতুর্থবারের মতো পদ্মা সেতুর পিলারে ফেরির আঘাতের ঘটনা ঘটল।

শুক্রবার (১৩ আগস্ট) সকাল পৌনে ৭টার দিকে বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া ঘাটে যাওয়ার পথে পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে কাকলির নামে একটি ফেরি ধাক্কা দেয়।

এর আগে গত ৯ আগস্ট একই পিলারে ধাক্কা দিয়েছিল বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের একটি ফেরি। ওই ঘটনার চার দিনের মাথায় আবার এ ঘটনা ঘটল।

এদিকে কাকলি ফেরির চালক জানায়, ফেরিটি পদ্মা সেতুর ১১-১২ পিলারের মধ্য দিয়ে আসার কথা। কিন্তু নদীর স্রোতের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ১০ নম্বর পিলারে ধাক্কা দেয়। তবে পিলারের কোনো ক্ষতি হয়নি। ফেরিটি নিরাপদে শিমুলিয়া ঘাটে আসতে পেরেছে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফেরিটির কারিগরি সমস্যা ছিল এবং তা তিনি বিআইডব্লিউটিসি শিমুলিয়াঘাট কর্তৃপক্ষকে জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি বলে জানান তিনি।

এদিকে পদ্মা সেতু কর্তৃপক্ষ জানায়, আগের ধাক্কার ঘটনায় পিলারের পাইল ক্যাপের কিছু কংক্রিট উঠে গেছে। এটি সেতুর তেমন ক্ষতি না করলেও বিষয়টি গ্রহণযোগ্য নয়।

এর আগে গত ২০ ও ২৩ জুলাই পদ্মা সেতুর ১৬ ও ১৭ নম্বর পিলারে এবং ৯ আগস্ট ১০ নম্বর পিলারে আঘাত করে ফেরি।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর