১৫ আগস্ট যেসব সড়কে যান চলাচল সীমিত

১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী এবং জাতীয় শোকদিবস। যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা এ দিনটি পালিত হবে।

এ দিন ধানমন্ডি-৩২ নম্বর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের সদস্য এবং জনসাধারণ।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা থেকে বিভিন্ন পরিবহনযোগে ও হেঁটে অসংখ্য নেতাকর্মীসহ সাধারণ জনগণের আগমন উপলক্ষে ধানমন্ডি–৩২ এর চারপাশের সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করার কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (১২ আগস্ট) এ তথ্য জানানো হয়।

ডিএমপি ট্রাফিক বিভাগ নির্দেশিত বিকল্প পথ:
মিরপুর গাবতলী থেকে আসা রাসেল স্কোয়ার–আজিমপুর অভিমুখী যাত্রীবাহী যানবাহন মানিকমিয়া এভিনিউ–ধানমন্ডি ২৭ ডানে মোড় নিয়ে শংকর–জিগাতলা–সাইন্সল্যাব হয়ে গন্তব্যে পৌঁছাবে।

নিউমার্কেট ও সাইন্সল্যাব থেকে আসা রাসেল স্কোয়ার অভিমুখী যাত্রীবাহী যানবাহন ধানমন্ডি ২নম্বর রোড হয়ে বামে মোড় নিয়ে জিগাতলা–শংকর হয়ে গন্তব্যে পৌঁছাবে।

রেইনবো এফডিসি থেকে রাসেল স্কোয়ার অভিমুখী যাত্রীবাহী বাস সোনারগাঁও ক্রসিং হয়ে বামে মোড় নিয়ে বাংলামোটর দিয়ে শাহবাগ হয়ে গন্তব্যে পৌঁছাবে।

আমন্ত্রিত অতিথিদের গমনাগমনের পথ–মানিক মিয়া এভিনিউ–ধানমন্ডি ২৭–মেট্রোশপিংমল ডানে মোড়–আহসানিয়া মিশন ক্রসিং বামে মোড়–৩২নং পশ্চিম প্রান্তে পৌঁছাবে।

পার্কিং-
৩২নম্বর ব্রিজের উত্তরের ১১নম্বর রোডের উত্তর ও পশ্চিমপ্রান্ত (পতাকাবাহী, পিজিআর, এসএসএফ, ফায়ার সার্ভিস, বাহিনীর প্রধানসহ আইজিপি ও সিনিয়র সচিব/সচিব পদমর্যাদার সব গাড়ি)। ৩২নম্বর ব্রিজের দক্ষিণে পূর্ব ও পশ্চিম প্রান্ত সংসদ সদস্যসহ রাজনৈতিক নেতাদের সব গাড়ি। আহসানিয়া মিশনের উত্তর রাস্তা আইন–শৃঙ্খলা বাহিনীর সব গাড়ি।

জাতীয় শোকদিবসের কর্মসূচি চলাকালীন যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে ডিএমপি জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে। একইসঙ্গে যানবাহন চলাচলে সাময়িকভাবে বিঘ্ন ঘটায় সম্মানিত নাগরিকদের আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর