করোনা মহামারী ঠেকাতে সারা দেশের সাথে তাল মিলিয়ে কক্সবাজারের টেকনাফে ৩৪ টি রোহিঙ্গা শিবিরে ৫৬টি কেন্দ্রে মঙ্গলবার থেকে করোনা ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। গত দুই দিনে ৫৫ বছরের বেশি বয়সের ৯ হাজার ২৪৩ জন রোহিঙ্গা নারী-পুরুষ এই টিকা পেয়েছেন বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরাআরসি)।
এরমধ্যে টেকনাফে ১ হাজার ৮২৫ জন ও ৭হাজার ৪১৮ জন উখিয়ার বিভিন্ন ক্যাম্পে। প্রথম পর্যায়ে ৪৮ হাজার রোহিঙ্গা এবং বিভিন্ন সংস্থার কাজে নিয়োজিত ১৭ হাজার কর্মীদের টিকা দেওয়ার কথা রয়েছে।
কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ের প্রধান স্বাস্থ্য সমন্বয়কারী ডা. আবু তোহা এম আর এইচ ভূঁইয়া জানান, ‘দুদিনে কক্সবাজারের আশ্রিত ৯ হাজার ২৪৩ জন রোহিঙ্গা নারী-পুরুষকে টিকা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১০ আগস্ট) সকাল থেকে ৫৫ বছরের উর্ধ্বে রোহিঙ্গাদের এই টিকাদান শুরু হয়েছে।’ স্বতঃস্ফূর্ত ভাবে টিকাদানে সাড়া অব্যাহত রয়েছে উল্লেখ করে তিনি জানিয়েছেন প্রথম পর্যায়ে ৪৮ হাজার রোহিঙ্গাকে টিকা দেওয়ার কথা রয়েছে। পাশপাশি কিছু ক্যাম্পে নিয়োজিত কর্মীদের টিকাদান দেওয়া হবে।’
এর আগে গত মঙ্গলবার সরকারের উদ্যোগে উখিয়া কুতুপালংয়ের রোহিঙ্গা ক্যাম্প এক্সটেনশন-৪ এ আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করনে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (অতিরিক্ত সচিব) শাহ রেজওয়ান হায়াত। এসময় উপস্থিত ছিলেন কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান, ১৪ এপিবিএন অধিনায়ক (এসপি) মো. নাইমুল হক, আরআরআরসি অফিসের স্বাস্থ্য সমন্বয়কারী ডা. তোহা ভূঁইয়া প্রমুখ।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) সামছু-দৌজা জানান, সম্পূর্ণ সরকারি উদ্যোগে প্রত্যেক ক্যাম্পে সকাল থেকে দুপুর পর্যন্ত টিকাদান অব্যাহত রয়েছে। রোহিঙ্গারাও উৎসাহ নিয়ে টিকা গ্রহন করছে। গত দুদিনে প্রথম পর্যায়ে ৫৫ বছরের ঊর্ধ্বে ৯ হাজারের বেশি টিকাদান দেওয়া হয়েছে। পর্যাক্রমে এভাবে ৪৮ হাজার রোহিঙ্গাদের টিকা দেওয়া হবে।
সিভিল সার্জন অফিসের দেওয়া হিসাব অনুযায়ী, জেলায় ২০২০ সালের ১ এপ্রিল থেকে ২০২১ সালের ৭ আগস্ট পর্যন্ত ১ লাখ ৭৯ হাজার ৯১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্য ১৯ হাজার ৯৪০ জনের জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে তার মধ্যে ২ হাজার ৭০৭ জন শরণার্থী। এখন পর্যন্ত জেলায় ২১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য ২৮ জন রোহিঙ্গা।
খাঁন মাহমুদ আইউব/বার্তা বাজার/টি