বেসরকারি খাতে টিকা দেওয়ার সুযোগ দেওয়া হলে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। কোনোভাবেই যেন বেসরকারিভাবে টিকা দেওয়ার সিদ্ধান্ত না নেওয়া হয় বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটি।
বৃহস্পতিবার (১২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত সংসদীয় কমিটির সভায় এ সুপারিশ করা হয়। এর পাশাপাশি টিকা আমদানির ক্ষেত্রে টিকার মেয়াদ যাতে ছয় মাস থাকে, তা নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে।
সভা শেষে সংসদীয় কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান সাংবাদিকদের বলেন, তারা বলেছেন, কোনোভাবেই যেন বেসরকারিভাবে টিকা দেওয়ার সিদ্ধান্ত না নেওয়া হয়। তাহলে হয়তো দেখা যাবে, মেয়াদ উত্তীর্ণ টিকা নিয়ে আসবে, পানি ভরে টিকা দেওয়া হবে। আর সব দোষ পড়বে সরকারের ওপর।
কমিটির সভাপতি ফারুক খানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং গোলাম ফারুক খন্দকার প্রিন্স, নুরুল ইসলাম নাহিদ আবদুল মজিদ খান এবং হাবিবে মিল্লাত অংশ নেন।
বার্তা বাজার/এসবি