স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বলেছেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে দেশের স্বাস্থ্য বিভাগ। এ সমস্যা সমাধানের জন্য হাসপাতালে শয্যা বাড়ানো হয়েছে। তবে এখন আর হাসপাতালগুলোতে শয্যা বাড়ানো সম্ভব হবে না।
বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে করোনা ও ডেঙ্গু মোকাবিলার চ্যালেঞ্জ শীর্ষক এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, করোনার সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনার সংক্রমণ বেড়ে গেলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে।
স্বাস্থ্যের ডিজি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে আমরা ১ হাজার শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতাল তৈরি করেছি। সম্প্রতি বঙ্গমাতা ফিল্ড হাসপাতাল তৈরি করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রতিটি জিনিসেরই একটা সীমাবদ্ধতা রয়েছে। আমাদেরও রয়েছে। সীমাবদ্ধতার বাইরে গিয়ে হাসপাতালে শয্যা বাড়ানো সম্ভব নয়।
বার্তা বাজার/নব