করোনায় মারা গেলেন সাংবাদিক আরিফুল ইসলাম ডালিম
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন যমুনা টেলিভিশনের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম ডালিম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
সাংবাদিক আরিফুল ইসলাম ডালিম চুয়াডাঙ্গা পৌর এলাকার জোয়ার্দার পাড়ার ইসলাম হোসেনের ছেলে। ১৯৯৯ সালে যশোরের গ্রামের কাগজের পত্রিকার মাধ্যমে মূলধারার গণমাধ্যমে প্রবেশ করেন।
বর্তমানে তিনি যমুনা টেলিভিশন, দেশ রুপান্তর ও ইউএনবির চুয়াডাঙ্গা প্রতিনিধি এবং স্থানীয় দৈনিক আকাশ খবরের নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা শাখার সহসাধারণ সম্পাদক ও জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ২৩ জুলাই তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। ২৭ জুলাই তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালেরর এইচডিওতে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার (১২ আগস্ট) ভোরে তাকে ঢাকার আসগর আলী হসপিটালে নেওয়ার পথে অবস্থার অবনতি হলে সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিলে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলেসহ অসংখ্য স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে সাংবাদিক আরিফুল ইসলাম ডালিমের মৃত্যুতে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন।
চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি সরদার আল-আমিন বলেন, আরিফুল ইসলাম ডালিম ছিলেন চুয়াডাঙ্গার তরুণ সাংবাদিক জগতের আইকন। তার মৃত্যুতে চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সদস্যরা গভীরভাবে শোকাহত।
অন্তর কুমার ঘোষ/ বার্তা বাজার/টি