করোনা পরিস্থিতি ১৫ দিনের মধ্যে নিয়ন্ত্রণে চলে আসবে: পরিকল্পনামন্ত্রী
আগামী ১৫ দিনের মধ্যে দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপনের জন্য প্রকল্প এলাকা পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, করোনা মোকাবিলায় আওয়ামী লীগ সরকার দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। দেশের মানুষকে করোনা থেকে বাঁচাতে কাজ করছে সরকার। সরকার করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করছে। এছাড়াও লকডাউনে অসহায় মানুষের বাড়িতে খাবার পাঠিয়েছে সরকার।
তিনি আরও বলেন, দেশে আওয়ামী লীগ সরকারের আমলে যে উন্নতি হয়েছে তা অন্য কোনো সরকারের আমলে হয়নি। দেশের এমন কোনো জায়গা নেই যেখানে উন্নয়ন হয়নি। বিশেষ করে প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা হাওর অঞ্চলে উন্নয়নের কাজ করছি।
এরপর পরিকল্পনামন্ত্রী উপজেলা সদরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নতুন ভবন উদ্বোধন করেন। মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণে ব্যয় হয়েছে ২ কোটি ১৩ লাখ ৭৭ হাজার টাকা। আর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ভবন নির্মাণে ব্যয় হয়েছে ৫০ লাখ টাকা।
বার্তা বাজার/নব