‘খুনিদের তোষণ, অপশক্তিকে পোষণ ও জনগণকে শোষণই বিএনপির রাজনীতি’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, খুনিদের তোষণ, দুর্নীতিবাজ আর সাম্প্রদায়িক অপশক্তিকে পোষণ ও জনগণকে শোষণই বিএনপির রাজনীতি।
বৃহস্পতিবার ১২ (আগস্ট) সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়কালে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বিএনপির রাজনীতি ইতিহাস বিকৃতি, মিথ্যাচার আর অপপ্রচারের রাজনীতি। তাদের রাজনীতি এখন লাইফ সাপোর্টে আছে। বিএনপির নেতারা একদিকে জনমানুষের আতঙ্কে আছে, অপরদিকে হঠকারী রাজনীতির কারণে তারা তাদের কর্মীসমর্থকদের আস্থা হারিয়েছে।
বিএনপি জনগণের রাজনীতি করে না বলেই সরকারকে প্রতিপক্ষ মনে করে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির উদ্দেশ্যমূলক অপপ্রচারে সরকার কান দেয় না। কারণ জনগণ এসব কথামালার চাতুর্য বিশ্বাস করে না।
‘সরকার ভেন্টিলেশনে আছে’ বিএনপি নেতাদের এমন মন্তব্যের জবাবে তিনি বলেন, চোখ থেকে ক্ষমতার রঙিন খোয়াবের চশমা খুলে নিজেদের পায়ের তলায় মাটি আছে কিনা তা আগে দেখুন। মিডিয়ার কল্যাণেই বিএনপি বেঁচে আছে।
আওয়ামী লীগের এই নেতা বলেন, টিকা নিয়ে বিএনপির নেতাদের মিথ্যাচার অর্থহীন অপপ্রচার ছাড়া আর কিছুই নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্কট সমাধানের সক্ষমতা দেখে বিএনপি ঈর্ষার আগুনে জ্বলছে। অন্তর্দহন কমাতে তারা এসব অপপ্রচার চালায়।
আন্দোলন ও নির্বাচনে ধারাবাহিক ব্যর্থতার কারণে বিএনপি নেতাকর্মীরা যে গণহতাশায় ভুগছে, তা থেকে নিষ্কৃতি পেতে টিকা নিয়ে ঢালাও সমালোচনা করছে বলেও মন্তব্য করেন তিনি।
বার্তা বাজার/নব