পার্ক-পর্যটন কেন্দ্র খুললেও বন্ধই থাকছে শিক্ষা প্রতিষ্ঠান

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জারিকৃত কঠোর লকডাউন বা বিধি নিষেধ সীমিতভাবে প্রত্যাহারের পর এবার নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত মতে আগামী ১৯ আগস্ট থেকে সব ধরণের গণপরিবহন পুরোপুরি চালুর পাশাপাশি খুলে দেওয়া হচ্ছে পার্ক, রিসোর্টসহ দেশের বিনোদন কেন্দ্র গুলোও।

বৃহস্পতিবার(১২ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

নতুন জারিকৃত প্রজ্ঞাপনে সড়ক, রেল ও নৌপথে সব ধরনের যান পুরোপুরি স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে বলে জানানো হয়। তাছাড়া সব ধরনের পার্ক, বিনোদনকেন্দ্র, রিসোর্ট, পর্যটনকেন্দ্র ধারণ ক্ষমতার অর্ধেক আসন নিয়ে চালু রাখতে পারবে।

তবে এসব বিষয়ে সিদ্ধান্ত হলেও এখন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি সরকার। বুধবার (১১ আগস্ট) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘করোনা পরিস্থিতির উন্নতি হলে আমরা সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে চাই এবং নভেম্বর-ডিসেম্বরে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনাও আমাদের রয়েছে।’

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সচিব ড. ফেরদৌস জামান বলেন, ‘বিশেষ করে গণটিকা কর্মসূচি শুরুর পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যাপকভাবে টিকা নিচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের ৯০ শতাংশ শিক্ষকই টিকা নিয়ে নিয়েছেন। এ ছাড়া রেজিস্ট্রেশন করা প্রায় দুই লাখ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর বেশির ভাগই প্রথম ডোজ নিয়েছেন। এক-দেড় মাসের মধ্যে প্রায় সব শিক্ষার্থীরই দুই ডোজ টিকা নেওয়া শেষ হবে। আর এর মধ্যে করোনা সংক্রমণও কমে আসতে পারে। আমরা আশা করছি, সেপ্টেম্বরের শেষ নাগাদ বিশ্ববিদ্যালয় খুলে দিতে পারব। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোও সেভাবেই প্রস্তুতি নিতে শুরু করেছে।’

এ দিকে করোনার সংক্রমণ প্রতিরোধে মানুষের চলাচল নিয়ন্ত্রণে যে বিধিনিষেধ আরোপ করা হয়েছি তা শিথিল করে গত ৮ আগস্ট প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী ১১ আগস্ট থেকে শর্ত সাপেক্ষে চলাচল শুরু করেছে গণপরিবহন। শপিংমল ও অন্যান্য দোকানপাটও খুলছে।

তবে শিক্ষা প্রতিষ্ঠান ও পর্যটন, বিনোদন কেন্দ্র বিষয়ে কোনো নির্দেশনা ছিল না। এবার জারিকৃত প্রজ্ঞাপনে শিক্ষা প্রতিষ্ঠান বাদে প্রায় সব বিষয়েই দেওয়া হয়েছে সুনির্দিষ্ট নির্দেশনা।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর