নয়ন কুমার সিংহ নামে নড়াইলে সেনাবাহিনীর মেজর পরিচয়ে প্রতারণার অভিযোগে এক ভুয়া মেজরসহ দুই সহযোগীকে আটক করেছে সদর থানা পুলিশ।
বুধবার (১১ আগস্ট) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নড়াইল শহরের ষ্টেডিয়াম এলাকা থেকে তাদের আটক করা হয়।
যাদের আটক করা হয়েছে- সদর উপজেলাধীন শাহাবাদ ইউনিয়নের চাঁদপুর গ্রামের অবনী সিংহর ছেলে নয়ন কুমার সিংহ, একই উপজেলাধীন মোসলেম ফকিরের ছেলে আহাদ শেখ ও আউড়িয়া ইউনিয়নের চিলগাছা রধুনাথপুর গ্রামের মৃত রোস্তম শেখের ছেলে মিজান শেখ।
এ বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শওকত কবির।
মোহাম্মদ শওকত কবির জানান, মেজর সাকিল পরিচয় দিয়ে সেনাবাহিনীর তত্বাবধানে পদ্মাসেতুর রেল সংযোগ প্রকল্পের আওতায় নড়াইলে চলমান রেললাইন স্থাপন কাজে নিয়োগ দেয়ার কথা বলে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে আসছিল নয়ন কুমার সিংহ।
পুলিশের হাতে প্রতারণার শিকার এমন ৪৫ জনের তালিকা এসেছে। গোপন সংবাদের ভিত্তিতে স্টেডিয়াম এলাকায় নয়নের অবস্থান নিশ্চিত হয়ে তাকে ধরতে এসআই অপু মিত্রের নেতৃত্বে সদর থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানকালে নয়নসহ তার দুই সহযোগীকে আটক করা হয়।
এছাড়া প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ২৫ হাজার ৫শ টাকা, ২২টি নাগরিক সনদ, ৪৪টি জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, চাকরি প্রত্যাশীদের নামে রেলওয়ের ১৬টি ভুয়া পরিচয়পত্র, ৩৫টি সার্টিফিকেটের ফটোকপি, ১৮টি জন্ম সনদসহ বেশ কিছু কাগজপত্র ও ছবি উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নয়নসহ চক্রের অন্যরা প্রতারণার কথা স্বীকার করেছে। এতে আরও কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।
বার্তা বাজার/এসবি