অভিনেতা মোশাররফ করিমের বিরুদ্ধে মামলার তদন্ত শুরু

এ সময়ের জনপ্রিয় নাট্য অভিনেতা মোশাররফ করিমস চারজন অভিনেতা ও বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), কুমিল্লা।

গত ১৮ জুলাই কুমিল্লার আদালতে তাদের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা করেন রফিকুল ইসলাম হুসাইনি নামে এক আইনজীবী।

পিবিআই, কুমিল্লার পুলিশ সুপার মো.মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন বুধবার (১১ আগস্ট) দুপুরে।

জানা গেছে যে, আইনজীবীদের হেয়প্রতিপন্ন করে ‘হাই প্রেসার-২’ নামের একটি নাটক বিকৃতভাবে উপস্থাপন করার অভিযোগে গত ১৮ জুলাই কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নম্বর আমলি আদালতে মানহানির মামলাটি দায়ের করেন কুমিল্লা জেলা বার অ্যাসোসিয়েশনের সদস্য অ্যাডভোকেট মো.রফিকুল ইসলাম হোসাইনী।

মামলায় অভিনেতা মোশাররফ করিম, জামিল হোসেন, ফারুক আহমেদ, পরিচালক আদিবাসী মিজান ও বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে।

এদিকে, ওইদিন শুনানি শেষে আদালত মামলাটি আমলে নেন। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চন্দন কান্তি নাথ মামলাটি তদন্ত সাপেক্ষে আগামী ১৮ আগস্ট প্রতিবেদন দাখিলের জন্য পিবিআই, কুমিল্লাকে নির্দেশ দিয়েছেন।

বুধবার (১১ আগস্ট) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই, কুমিল্লার পুলিশ পরিদর্শক মো.মতিউর রহমান সংবাদ মাধ্যমকে বলেন, গত ৯ আগস্ট মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে আমাকে। আমাদের পুলিশ সুপার মো.মিজানুর রহমান স্যারের নির্দেশনায় ইতোমধ্যে মামলার তদন্ত শুরু করেছি। তদন্ত শেষে আদালতের নির্দেশনামতে প্রতিবেদন দাখিল করা হবে।

মামলার বাদী মো. রফিকুল ইসলাম হোসাইনী সংবাদ মাধ্যমকে জানান, গত ৯ জুলাই সকালে নাটকটি তার নজরে আসে। নাটকের কিছু সংলাপ খুবই আপত্তিকর ছিল। এছাড়া নাটকের দুইটি অংশে ৩৫-৫০ মিনিট এবং ১ ঘণ্টা থেকে এক ঘণ্টা ২২ মিনিটের দৃশ্য আপত্তিকর ছিল। নাটকটিতে আইনজীবীদের হেয়প্রতিপন্ন করে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। তাই অভিযুক্তদের বিরুদ্ধে কুমিল্লার আইনজীবীদের পরামর্শক্রমে মামলা দায়ের করেছেন তিনি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর