লকডাউন শিথিলের প্রথম দিনে রাজধানীতে তীব্র যানজট

টানা ১৯ দিন পর চলমান কঠোর লকডাউন বুধবার (১১ আগস্ট) থেকে শিথিল রাখা হয়েছে। প্রথম দিনেই সড়কে নেমেছে হাজার হাজার গাড়ি। এ কারণে রাজধানী ঢাকাসহ সারা দেশের সড়ক-মহাসড়কে রয়েছে তীব্র যানজট।

মহামারি করোনার অবনতি ঠেকাতে গত ১ জুলাই থেকে শুরু হয় কঠোর লকডাউন। পরে আবার ঈদুল আজহা উপলক্ষে এটি শিথিল করা হয়। ঈদের তৃতীয় দিন ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আবারও্ কঠোর বিধিনিষেধ দেওয়া হয়। এরপর ১০ আগস্ট পর্যন্ত আরেক দফা বাড়িয়ে দেয়া হয়।

এই লকডাউন বা বিধিনিষেধ শিথিল হওয়ায় বুধবার (১১ আগস্ট) সকাল থেকেই যানবাহন চলতে শুরু করেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। সন্ধ্যায় ঢাকার বিভিন্ন সড়কে তীব্র যানজট লেগে যায়। রাজধানী তার পুরনো চেহারায় ফিরে যায় এই যানজটে। বিধিনিষেধ শিথিল হওয়ায় কেনাকাটায় ভিড় জমাচ্ছেন বিভিন্ন শপিংমল-মার্কেটে।

রাজধানীর ঢাকার সব সড়কেই দেখা যায় একই চিত্র। এর মধ্যে নিউমার্কেট, বকশিবাজার, ডিআইটি রোড (মালিবাগ টু কুড়িল), কারওয়ানবাজার, ফার্মগেট, তেজগাঁও, যাত্রাবাড়ি, মগবাজার, মৌচাক, শান্তিনগর, কাকরাইল, গুলিস্তান ও ফুলবাড়িয়ার বিভিন্ন সড়কে যানবাহন যেন মহড়া দিচ্ছিল। বাম্পারের সঙ্গে বাম্পার লাগিয়ে দাঁড়িয়ে ছিল। গণপরিবহণের সঙ্গে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল পাল্লা দিচ্ছিল। স্থবির হয়ে যায় অতিরিক্ত যানবাহনে। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ ও চাকরিজীবীরা।

ফুলবাড়িয়া ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার মো. সালাহ্উদ্দিন সংবাদমাধ্যমকে জানান, বিধিনিষেধ শিথিল হওয়ার পর আজই (বুধবার) গণপরিবহণ রাস্তায় নেমেছে। যানবাহন সামাল দিতে হিমশিম খাচ্ছি। ডাইভারশন দিয়েও যানবাহন দ্রুত পার করা সম্ভব হচ্ছে না।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর