ময়মনসিংহের নান্দাইলে বজ্রপাতে রবিন মিয়া (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার রাজগাতী ইউনিয়নের উলুহাঠি গ্রামে ঘটনাটি ঘটে।
নিহত রবিন মিয়া একই গ্রামের আলাউদ্দিনের ছেলে। সে স্থানীয় বিদ্যালয়ে পড়াশোনা করতো। করোনাকালে বিদ্যালয় বন্ধ থাকায় কৃষিজমিতে মাঝে মাঝে কাজ করতো।
জানা যায়, দুপুরের দিকে রবিন মিয়া গ্রামের পাশের মাঠে কাজ করতে যায়। বজ্রসহ বৃষ্টি শুরু হলে দ্রুত সে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। কিন্তু পথিমধ্যে উলুহাঠি-বনাটি সড়কের ব্রিজের কাছে আসা মাত্রই তার উপর বজ্রপাত হয়। বজ্রপাতে রবিনের পাশে থাকা দুলাল নামে আরও একজন আহত হয়।
স্থানীয়রা গুরুতর আহত দু’জনকে উদ্ধার করে পাশের তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রবিন মিয়াকে মৃত ঘোষণা করে। অপর আহত দুলাল মিয়া আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
বজ্রপাতে কিশোরের মৃত্যুর বিষয়টি স্থানীয় ইউপি সদস্য আবুল হাশেম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
বার্তা বাজার/এস.আর