বন্দর নগরী চট্টগ্রামে সিএনজি অটোরিকশা চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর)।
বুধবার ( ১১ আগস্ট) ডিবি উত্তর বিভাগের মনসুরাবাদ কার্যালয়ে চট্টগ্রাম নগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ সালাম কবির সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
মোহাম্মদ সালাম কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরের চান্দগাঁও থানাসহ বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে সিএনজি অটোরিকশা চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের হেফাজতে থাকা চোরাই ৬টি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়। এসব গাড়ির দাম প্রায় ৩৩ লাখ টাকা।
তিনি আরো জানান, গ্রেফতারকৃতরা নগরীর বিভিন্ন এলাকা থেকে সিএনজি অটোরিকশা চুরি করে ইঞ্জিনের চেসিস নম্বর ও জাল কাগজপত্র তৈরি ও বিক্রি করত একটি সিন্ডিকেট। রং পরিবর্তন করে নতুন গাড়ির মতোই চকচকে করে ক্রেতাদের কাছে বিক্রি করা হতো।
গ্রেফতারকৃতরা হলেন- মোঃ রায়হান (৩০), মোঃ হানিফ (৩০), মোঃ আবু তাহের (৩৫), মোঃ মনির হোসেন (৪৮), মোঃ রুবেল মিয়া (২৭) ও মোঃ নিজাম উদ্দিন ওরফে মিজান (৩৯)।
মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী/বার্তা বাজার/টি